চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ দফায় দফায় বৃষ্টির পর গত শুক্রবার থেকে কলকাতার আকাশ কিছুটা পরিষ্কার হলেও, আজ শনিবার ফের হালকা থেকে মাঝারি (West Bengal Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলতে পারে। এই সময়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি)। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কলকাতার পাশাপাশি আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর—এই চার জেলায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের আবহাওয়াও মোটের ওপর একইরকম থাকবে। এখানকার প্রায় সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষভাবে মুর্শিদাবাদ জেলার এক-দু’টি স্থানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

