গাড়ির মালিকদের বড় স্বস্তি! বকেয়া মোটরযান করের জরিমানায় ১০০% ছাড়, ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ

গাড়ির মালিকদের বড় স্বস্তি! বকেয়া মোটরযান করের জরিমানায় ১০০% ছাড়, ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ

কলকাতা: রাজ্যের গাড়ির মালিকদের জন্য বিশেষ আর্থিক ছাড়ের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বকেয়া মোটরযান করের উপর জমে থাকা জরিমানায় ১০০ শতাংশ ছাড় এবং বিলম্বিত ফিটনেস সার্টিফিকেট নবীকরণের অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। এই সুবিধা দিতে চালু করা হয়েছে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬–২৭’।

পরিবহণ দপ্তরের ২৩ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই প্রকল্প কার্যকর হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। রাজ্যে নিবন্ধিত পরিবহণ ও অ-পরিবহণ—উভয় ধরনের যানবাহনের মালিকরাই এই প্রকল্পের আওতায় আসবেন।

বকেয়া করের জরিমানায় ১০০ শতাংশ ছাড়

পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও গাড়ির মালিকের মোটরযান কর বকেয়া থাকলে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ বকেয়া করের অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে করের পুরো টাকা জমা দিলে পরিশোধের তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার উপর মিলবে ১০০ শতাংশ ছাড়। অর্থাৎ বকেয়া মূল কর মেটালেই জরিমানার সম্পূর্ণ অর্থ মকুব করা হবে।

ফিটনেস সার্টিফিকেট নবীকরণেও বিশেষ সুবিধা

যেসব যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলির নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে ছাড় দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর বিলম্ব ৩০ দিনের কম হলে প্রতিদিন ৫০ টাকা হারে ছাড়প্রাপ্ত ফি দিতে হবে। আর বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে এককালীন ১,৫০০ টাকা দিতে হবে।

তবে এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কাদের জন্য এই প্রকল্প?

পশ্চিমবঙ্গে নিবন্ধিত সমস্ত পরিবহণ ও অ-পরিবহণ যানবাহন এই প্রকল্পের আওতায় থাকবে। তবে নির্ধারিত সুবিধা পেতে সংশ্লিষ্ট সমস্ত প্রযোজ্য কর ও ফি পরিশোধ করতে হবে। ফিটনেস সার্টিফিকেট নবীকরণ যেখানে প্রয়োজন, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

প্রকল্পটি কার্যকর করার জন্য VAHAN সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে পরিবহণ দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রের NIC-এর Director (IT)-কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত RTO ও ARTO অফিসকেও প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহণ দপ্তরের পক্ষ থেকে গাড়ির মালিকদের দ্রুত এই সুবিধা গ্রহণের আবেদন জানানো হয়েছে। বকেয়া মোটরযান কর বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা থাকলে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গাড়ির মালিকদের আর্থিক বোঝা কমবে, অন্যদিকে সময়মতো কর পরিশোধ, যানবাহনের নথি নবীকরণ এবং সড়কে চলাচলের উপযুক্ততা বজায় রাখার ক্ষেত্রেও উৎসাহ তৈরি হবে বলে মনে করছে পরিবহণ দপ্তর। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট RTO অথবা ARTO অফিসে যোগাযোগ করতে পারবেন গাড়ির মালিকরা।


পশ্চিমবঙ্গ সরকারের এককালীন ছাড় প্রকল্প ২০২৬–২৭-এ বকেয়া মোটরযান করের জরিমানায় মিলবে ১০০ শতাংশ ছাড়। মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট নবীকরণেও বিশেষ সুবিধা। প্রকল্পের সুবিধা নিতে হবে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে।