মা সারদাই এখানে জ্যান্ত দুর্গা! ৪৩ বছরে পা বিবেক বোধন জন কল্যাণ সমিতির ব্যতিক্রমী পুজো

মা সারদাই এখানে জ্যান্ত দুর্গা! ৪৩ বছরে পা বিবেক বোধন জন কল্যাণ সমিতির ব্যতিক্রমী পুজো

প্রদীপ মল্লিকের হাত ধরে ৪৩ বছরের পথচলা

কলকাতা : মা সারদাই জ্যান্ত দুর্গা! দুর্গাপুজো মানেই ঢাকের বাদ্যি, প্যান্ডেলের আলো আর প্রতিমার সাজ। কিন্তু এমন এক পুজোও আছে, যেখানে দেবীর খোঁজ মেলে মানুষের মধ্যেই। বিবেক বোধন জন কল্যাণ সমিতির পুজোয় তাই মণ্ডপের কেন্দ্রে থাকেন জ্যান্ত দুর্গা, মা সারদা। স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে এই পুজোর পথচলা। উদ্যোক্তাদের বিশ্বাস, জীবের সেবাই ঈশ্বরের সেবা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে জ্যান্ত দুর্গা বলে উল্লেখ করেছিলেন। সেই বিশ্বাসের সূত্র ধরেই সমিতির সদস্যরা মা সারদাকে দুর্গারূপে আরাধনা করেন।
এই অন্য ধারার পুজোর রূপকার প্রদীপ মল্লিক। এলাকার সকলের কাছের মানুষ, কাজের মানুষ হিসেবে পরিচিত তিনি। ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’, এই বাণী মেনেই প্রতি বছর পুজোর সময় মানবসেবায় নামেন তিনি। এ বছর সেই উদ্যোগ পা রাখল ৪৩ বছরে। পুজোর দিন সকাল থেকেই ভিড় জমান দূরদূরান্তের অতিথিরা। প্রত্যেকের জন্য থাকে মায়ের প্রসাদের আয়োজন। হাসিমুখে, আন্তরিকতায় সকলকে স্বাগত জানান প্রদীপবাবু। আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই এই পুজোর আসল লক্ষ্য। প্রদীপ মল্লিকের কথায়, ‘মানবসেবাই আসল ধর্ম।’ মানুষের সেবা করতে পেরেই তাঁর আনন্দ। আগামী দিনেও এভাবেই সবার পাশে থাকার অঙ্গীকার তাঁর। দেবী আরাধনা আর মানবকল্যাণের এই মেলবন্ধনই বিবেক বোধন জন কল্যাণ সমিতির পুজোকে আলাদা করেছে। এখানে পুজোর আনন্দ শুধু উৎসবে আটকে থাকে না, ছড়িয়ে যায় ভালোবাসা আর সেবার বার্তায়।


মা সারদাকে জ্যান্ত দুর্গারূপে আরাধনা এবং মানবসেবার আদর্শ—এই দুই ভাবনাকে সঙ্গে নিয়ে ৪৩ বছরে পা দিল বিবেক বোধন জন কল্যাণ সমিতির দুর্গাপুজো। প্রদীপ মল্লিকের উদ্যোগে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে চলছে এই ব্যতিক্রমী আয়োজন। পুজোর আনন্দের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।