চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ কেরলের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ (Thrissur Lorry Accident) হারালেন তামিলনাড়ুর আট জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। শুক্রবার গভীর রাতে হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাঁদের দ্রুতগামী গাড়িটি সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ কৈপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি গুরুভায়ুর থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, গাড়িটিতে থাকা আটজনই তামিলনাড়ুর দিণ্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। গাড়িটির মাদুরাইয়ের রেজিস্ট্রেশন নম্বর ছিল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই হাইওয়েতে সড়ক নির্মাণের কাজ চলছিল। সেই সময় একই দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
‘দ্য হিন্দু’-র প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। গাড়িতে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকারীরা গাড়ির ধ্বংসস্তূপের কিছু অংশ কেটে দু’জনকে বাইরে বের করেন। এরপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ত্রিশূর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনাস্থল থেকে দিণ্ডিগুলের পিএসএনএ ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। নিহত সকল পড়ুয়ার সঠিক পরিচয় নিশ্চিত করার কাজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, ঠিক কী পরিস্থিতিতে এবং কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে বিশদ তদন্ত শুরু হয়েছে।

