বক্সিংয়ে বিতর্ক! স্টেট স্কুল গেমস বক্সিং চ্যাম্পিয়নশিপ ঘিরে একগুচ্ছ অভিযোগ
সপ্তম স্টেট স্কুল গেমস বক্সিং চ্যাম্পিয়নশিপ ঘিরে এবার বিতর্ক তুঙ্গে। কলকাতার খিদিরপুরের একটি ক্লাবে গত ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষ হতেই আয়োজনের পদ্ধতি, অফিসিয়াল নিয়োগ, ম্যাচের ফলাফল থেকে শুরু করে অভিভাবকদের মোবাইল আটকে রাখা—একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন তুলেছেন বেশ কিছু অভিভাবক। অভিযোগের কেন্দ্রে রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন। অভিযোগকারীদের দাবি, রাজ্যের বক্সিংয়ের সঙ্গে যুক্ত এই স্বীকৃত গভর্নিং বডিকে প্রতিযোগিতা আয়োজনের আগে কোনও সরকারি তথ্য দেওয়া হয়নি। এমনকি অফিসিয়াল মেল বা তথ্যও পাঠানো হয়নি। তাহলে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্কুল বক্সিং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেট গভর্নিং বডির সঙ্গে আদৌ সমন্বয় করা হয়েছিল কি না, উঠছে সেই প্রশ্ন। আর যদি না হয়ে থাকে, তাহলে কী নিয়মে এই প্রতিযোগিতা আয়োজন করা হল-তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
অফিসিয়াল নিয়োগ নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগকারীদের দাবি, অ্যামেচার বক্সিং প্রতিযোগিতায় অফিসিয়াল নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের বিষয় রয়েছে। সেখানে প্রফেশনাল বক্সিংয়ের সঙ্গে যুক্ত অফিসিয়ালদের ব্যবহার করা হয়ে থাকলে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হয়েছিল কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
তবে বিতর্কের সবচেয়ে বড় জায়গা কয়েকটি ম্যাচের ফলাফল। বেশ কিছু অভিভাবক ও গার্জিয়ানের অভিযোগ, কয়েকটি ম্যাচের ফল নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি, প্রতিযোগিতার ফেয়ারনেস এবং ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি। এর মধ্যেই মোবাইল ফোন নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। অভিভাবকদের দাবি, কোনও কোনও ক্ষেত্রে তাঁদের মোবাইল ফোন ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত নিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, মোবাইলে ম্যাচের ছবি তোলা কিংবা ভিডিও রেকর্ডিংয়েও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অবশ্যই কোনও ভেন্যুতে নিজস্ব কিছু নিয়ম থাকতে পারে। কিন্তু স্কুল ও যুব পর্যায়ের বক্সিং প্রতিযোগিতায় যখন ফলাফল, অফিসিয়াল নিয়োগ এবং অভিভাবকদের সঙ্গে আচরণ—একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, তখন স্বচ্ছতার প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ এই ধরনের প্রতিযোগিতার ফলাফল সরাসরি জড়িয়ে থাকে কিশোর-কিশোরীদের খেলাধুলার ভবিষ্যতের সঙ্গে।
জানা যাচ্ছে, অভিযোগগুলি নিয়ে বেশ কিছু অভিভাবকদের তরফে ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ জানানো হতে পারে। অভিযোগ হাতে পাওয়ার পর বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। স্কুল স্তরের বক্সিং প্রতিযোগিতা। অথচ আয়োজনের নিয়ম, অফিসিয়াল নিয়োগ, ম্যাচের ফল এবং মোবাইল ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে কেন উঠছে প্রশ্ন? এখন সেই উত্তরই চাইছেন অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা।

