পুলিশি প্রভাব খাটিয়ে কোটি টাকার সুবিধা? শান্তনুর বিরুদ্ধে গড়িয়াহাটে নতুন অভিযোগ

পুলিশি প্রভাব খাটিয়ে কোটি টাকার সুবিধা? শান্তনুর বিরুদ্ধে গড়িয়াহাটে নতুন অভিযোগ

নগদ থেকে ফ্ল্যাট, পরিবারের খরচ থেকে উপহার—প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে মোট ২.৮৯ কোটি টাকার সুবিধা নেওয়ার অভিযোগ

কলকাতা: শান্তনু সিংহ বিশ্বাস ,জমি দখল সংক্রান্ত মামলায় গ্রেফতার প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে তদন্তের পরিধি আরও বাড়ল। এবার গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে নতুন অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, পুলিশের পদ ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধা নিয়েছিলেন শান্তনু।

অভিযোগপত্রে সরাসরি প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকার আর্থিক সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র নগদ টাকার আকারে নয়—বেতন, সম্পত্তি, পরিবারের পড়াশোনার খরচ এবং দামি উপহারের মাধ্যমেও পৌঁছেছিল বলে দাবি করা হয়েছে।

স্ত্রীর বেতন নিয়েও প্রশ্ন

অভিযোগে দাবি করা হয়েছে, একটি সংস্থার কাছ থেকে শান্তনুর স্ত্রী প্রায় ৭৪.৩৬ লক্ষ টাকা বেতন পেয়েছিলেন। তদন্তকারীদের বক্তব্য, ওই অর্থপ্রাপ্তির সঙ্গে শান্তনুর প্রভাবের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের দু’টি ফ্ল্যাট বেনামে কেনার অভিযোগও রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শান্তনুর প্রভাব কাজে লাগিয়ে তাঁর ছেলের মেডিক্যাল কলেজের ফি বাবদ প্রায় ২০.২৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।শান্তনু সিংহ বিশ্বাস 

বাড়ি সংস্কার থেকে ব্যবসায়িক সুবিধা

অভিযোগের তালিকায় রয়েছে মুর্শিদাবাদের কান্দিতে একটি বাড়ি সংস্কারের খরচও। সেই কাজে প্রায় ৬১ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে অভিযোগ।

তদন্তকারীদের দাবি, বিভিন্ন সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়েও একাধিক দফায় টাকা নেওয়া হয়েছিল। কোনও ক্ষেত্রে ১০ লক্ষ, আবার কোনও ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়াও ব্যবসায়ী জয় কামদারের কাছ থেকে নগদ অর্থ ও উপহারের মাধ্যমে প্রায় ১৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রীর জন্য প্রায় ২ লক্ষ টাকা দামের একটি ব্যাগ নেওয়ার অভিযোগও রয়েছে।শান্তনু সিংহ বিশ্বাস 

আগের মামলাতেও প্রায় ৩ কোটি টাকার অভিযোগ

শান্তনুর বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত মামলায় আগেই তদন্ত শুরু করেছে ইডি। জুলাইয়ে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছিল।

ইডির অভিযোগ অনুযায়ী, শান্তনু সিংহ বিশ্বাস, ব্যবসায়ী জয় কামদার এবং বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর মধ্যে যোগসাজশ ছিল। তদন্তে কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল এবং সেই জমিতে বেআইনি নির্মাণের মাধ্যমে বিপুল অর্থের লেনদেনের অভিযোগও সামনে এসেছে। ইডি আদালতে আরও দাবি করেছে, এই চক্রের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্তে উঠে এসেছে।শান্তনু সিংহ বিশ্বাস 

নতুন অভিযোগ দায়েরের ফলে শান্তনুর বিরুদ্ধে চলা তদন্তে আরও একটি অধ্যায় যুক্ত হল। তবে অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়াতেই অভিযোগগুলির ভিত্তি স্পষ্ট হবে।


জমি দখল মামলায় গ্রেফতার প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় নতুন অভিযোগ। নগদ, ফ্ল্যাট, বেতন ও উপহারের মাধ্যমে প্রায় ২.৮৯ কোটি টাকার সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।