ত্রিপুরায় ফুল ফোটালেন সত্রাজিৎ, ইডেনে মুখ পুড়ল বাংলার!
অনির্বাণ গঙ্গোপাধ্যায় : একই দিনে দুটো ছবি। একটায় ইডেনের ধূসর আকাশের নিচে মাথা নিচু করে ফেরা বাংলার ব্যাটাররা। অন্যটায় আগরতলার মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়া ত্রিপুরা। বাংলায় যখন হতাশা, তখন হাসি মুখে মাঠ ছাড়লেন ত্রিপুরায় আর এক বাঙালি সত্রাজিৎ লাহিড়ি।
ইডেনে দীপাবলির আগে মহারাষ্ট্রকে বোনাস-সহ সাত পয়েন্ট প্রায় থালায় সাজিয়ে উপহার দিল বাংলা। মাটি কামড়ে পড়ে থেকে ম্যাচ বাঁচানোর লড়াই নয়, দ্বিতীয় ইনিংসে দেখা গেল উইকেট ছুঁড়ে দেওয়ার প্রতিযোগিতা। ১৮৬ রানে শেষ ইনিংস। ১১২ রানের লক্ষ্যে নেমে পৃথ্বী শ (অপরাজিত ৫৩) আর শচিন ধাস (অপরাজিত ৬১) বিনা উইকেটে কাজ সারলেন, যেন নেটে অনুশীলন। জয়ের হ্যাটট্রিকের গর্ব মাটিতে মিশে গেল বাংলার, মহারাষ্ট্র ১৯ পয়েন্ট নিয়ে উঠে গেল শীর্ষে।
ঠিক তখনই আগরতলা থেকে খুশির খবর। এলিট গ্রুপ ‘বি’-র ম্যাচে সৌরাষ্ট্রকে ১৩৩ রানে হারাল ত্রিপুরা। প্রথম ইনিংসে ২৬৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ করে ত্রিপুরা শেষ পর্যন্ত সৌরাষ্ট্রকে আটকে দিল ৩২৬ রানে (১১৮ ও ২০৮)। ম্যাচের সেরা শ্রীদাম পল, প্রথম ইনিংসে তাঁর ৮৬ রান ভিত গড়ে দেয়। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের কোমর ভাঙেন সন্দীপ সরকার। আর এই দলের ডাগআউটে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে ছক কষছিলেন এক বাঙালি, সত্রাজিৎ লাহিড়ি।
এই সত্রাজিৎ কি বাইরের কেউ? মোটেই নয়। ত্রিপুরার হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, ছিলেন দেওধর ট্রফি জয়ী পূর্বাঞ্চল দলে। বিসিসিআই লেভেল-সি আর ইসিবি লেভেল-৩ কোচিংয়ের যোগ্যতা আছে তাঁর। সিএবির জুনিয়র ক্রিকেটেও যুক্ত ছিলেন। তবু বাংলার সিনিয়র দলের দরজা তাঁর জন্য খোলেনি। ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’র এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে?
ত্রিপুরা ভরসা করেছে। আর সেই ভরসার জবাব মিলল মাঠেই। হার্ভার্ড হাউস স্পোর্টসের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস ডঃ মঈন বিন মাকসুদও জানিয়েছেন, সত্রাজিতের এই দায়িত্ব পাওয়া তাঁদের কাছে গর্বের, ক্রিকেট কর্মসূচিতে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ। সত্রাজিতের সাফল্য অন্তত একটা প্রশ্ন জোরালো করে দিল- বাংলার ক্রিকেটে যোগ্যতার মূল্যায়ন কি ঠিকঠাক হচ্ছে? আর ঘরের মাঠে দাপট দেখাতে শিখবে কবে বাংলা?

