কলকাতা: স্বাস্থ্য পরিষেবা, জনসেবা ও সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে কলকাতায় আয়োজিত হল ‘সনাতনী স্বাস্থ্য সেনা’-র প্রথম জাতীয় সম্মেলন। রবিবার শহরের একটি বেসরকারি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক চিকিৎসক ডা. প্রকাশ কুমার হাজরার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘স্বাস্থ্য, সেবা ও নিষ্ঠা’—এই মূল ভাবনাকে সামনে রেখে কাজ করার কথা জানিয়েছে সংগঠনটি। শহর ও গ্রামের সাধারণ মানুষের কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে স্বাস্থ্য শিবির, রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতা, প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনের সময় চিকিৎসা ও ত্রাণ সহায়তার মতো কাজ করা হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বড় নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথাও বলা হয়েছে।
সম্মেলনে চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়। ডা. প্রকাশ কুমার হাজরা চিকিৎসকদের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন।
অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক মতামতের কথাও উঠে আসে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, চিকিৎসকদের নিরাপত্তা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একাধিক মন্তব্য করেন। এগুলি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই তুলে ধরা হয়েছে।
এর আগে কলকাতা প্রেস ক্লাবে সংগঠনটির আত্মপ্রকাশের সময়ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

