এই প্রথম কলকাতায় উদ্যোগ ‘আর্ট হাব’-এর পরিচালক মুক্তি শ্রী’র

এই প্রথম কলকাতায় উদ্যোগ ‘আর্ট হাব’-এর পরিচালক মুক্তি শ্রী’র

কলকাতায় মঞ্চস্থ হল ‘পালস’, শাস্ত্রীয় নৃত্য-সঙ্গীতের নিবিড় সন্ধেয় মুগ্ধ শহর

কলকাতা : কলকাতায় মঞ্চস্থ ‘পালস’ ,ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকল শহর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় আইসিসিআর-এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল মুক্তি শ্রী-র ‘পালস’। হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই-সহ দেশের নানা শহরে শাস্ত্রীয় ও পাশ্চাত্য প্রযোজনা উপহার দেওয়ার পর ‘আর্ট হাব’ এই প্রথম কলকাতায় নিয়ে এল তাদের এই বিশেষ শাস্ত্রীয় প্রযোজনা। এর আগে ব্যাংকক, মুম্বই, ডাবলিন, লন্ডন, কেমব্রিজ, ইন্দোর এবং বেঙ্গালুরুতেও সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়েছে ‘পালস’।
কত্থক নৃত্য, তবলা, পাখোয়াজ, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, সেতার ও বাঁশির মিলিত পরিবেশনায় সাজানো এই সন্ধ্যায় সমসাময়িক নাট্যরীতির ছোঁয়া ছিল স্পষ্ট। সরাসরি শাস্ত্রীয় পরিবেশনার পাশাপাশি আলোকসজ্জা, শব্দবিন্যাস ও মঞ্চসজ্জার সমন্বয়ে শাস্ত্রীয় ঐতিহ্যের শৃঙ্খলা ও মৌলিকতা অক্ষুণ্ণ রেখেই তাকে দেওয়া হয়েছে আধুনিক ও প্রাণবন্ত মঞ্চরূপ। উদ্যোক্তাদের লক্ষ্য, ভারতীয় শাস্ত্রীয় শিল্পের গভীরতা যেন সব প্রজন্মের মানুষের কাছে পৌঁছয়।
‘আর্ট হাব’-এর পরিচালক, কত্থক নৃত্যশিল্পী এবং ‘পালস’-এর নির্দেশক মুক্তি শ্রী বলেন, ভারতীয় শাস্ত্রীয় শিল্পের মধ্যে রয়েছে অসাধারণ গভীরতা, শক্তি ও আবেগ। ‘পালস’-এর মাধ্যমে আমাদের লক্ষ্য এমন এক অভিজ্ঞতা তৈরি করা, যার সাহায্যে দর্শক, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই শিল্পের সঙ্গে আরও নিবিড় ও জোরালোভাবে সংযুক্ত হতে পারবে। তিনি আরও বলেন, কলকাতা সঙ্গীত ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। এই শহরে ‘পালস’ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চেয়েছিলাম, দর্শক কেবল একটি সঙ্গীতসভা বা নাচের অনুষ্ঠান নয়, এমন একটি সন্ধে উপভোগ করুন, যেখানে ছন্দ, গতি, সুর, আলো এবং আবেগ মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়।
আটজন শিল্পী, একটি মঞ্চ, একটি ‘পালস’। পরিবেশনার নেতৃত্বে ছিলেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী ও দূরদর্শনের শ্রেণিভুক্ত শিল্পী মুক্তি শ্রী। ভারত, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন তিনি। সঙ্গে ছিলেন তরুণ অথচ অত্যন্ত দক্ষ কত্থক নৃত্যশিল্পী আনভি শ্রী। তবলায় ছিলেন আশয় কুলকার্নি। তালযোগী পদ্মশ্রী পণ্ডিত সুরেশ তলওয়ালকারের কাছে গুরুকুল পরম্পরায় দুই দশকেরও বেশি সময় ধরে তালিম নিয়েছেন তিনি। পাখোয়াজে ছিলেন কৃষ্ণা সালুঙ্কে, যিনি পণ্ডিত নানা সাহেব পানসে ঘরানার স্বনামধন্য শিল্পী, পণ্ডিত সুরেশ তলওয়ালকারের শিষ্য এবং একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত। পাতিয়ালা ঘরানার কণ্ঠশিল্পী সুরঞ্জন খান্ডালকর আকাশবাণীর শ্রেণিভুক্ত শিল্পী, খেয়াল, ঠুমরি, ভজন ও গজলসহ নানা ধারায় পারদর্শী।
সেতারে ছিলেন আইসিসিআর-এর তালিকাভুক্ত শিল্পী ও আকাশবাণীর ‘এ’ শ্রেণির শিল্পী অয়ন সেনগুপ্ত। বর্তমানে তিনি কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক। বাঁশিতে ছিলেন উদীয়মান শিল্পী ধবল জোশি, ২০২৩ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসবে স্বর্ণপদকজয়ী। এই বিশিষ্ট শিল্পীদের মিলিত পরিবেশনায় ছন্দ, সুর ও অঙ্গভঙ্গির মনোমুগ্ধকর কথোপকথন গড়ে ওঠে।
‘কালাবতী স্কুল অফ ডান্স অ্যান্ড পারফর্মিং আর্টস’-এর তত্ত্বাবধানে এবং ‘আর্ট হাব’-এর প্রযোজনায় আয়োজিত এই অনুষ্ঠান ভারতীয় শাস্ত্রীয় শিল্পের চিরন্তন সৌন্দর্যকে তুলে ধরল গতিশীল ও সমসাময়িক উপস্থাপনায়।


ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের অনন্য মেলবন্ধন ‘পালস’। মুক্তি শ্রী-র নির্দেশনায় এই প্রথম কলকাতায় মঞ্চস্থ হল ‘আর্ট হাব’-এর বিশেষ প্রযোজনা। আটজন শিল্পীর পরিবেশনায় ঐতিহ্য ও আধুনিক মঞ্চভাবনার সমন্বয়ে তৈরি হল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।