কলকাতা : মাইনোরিটি সিটিজেন ফোরামের উদ্যোগে ধনধান্য অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ‘প্রবুদ্ধ নাগরিক সম্মেলন ২০২৬’ সফলভাবে সম্পন্ন হলো। দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেন মাইনোরিটি সিটিজেন ফোরামের স্টেট কনভেনার সুরমান আলি মন্ডল। আয়োজন সহযোগিতায় ছিলেন সরফরাজ মন্ডল।
সম্মেলনের মূল ভাবনা ছিল ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি’।
আয়োজক সুরমান আলি মন্ডল তাঁর বক্তব্যে বলেন— “ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক মুসলিম ভারতীয় নাগরিক, এটা আমাদের মৌলিক অধিকার। শিক্ষা ও আমাদের মৌলিক অধিকার। আমরা ভারতবর্ষকে উন্নয়নশীল ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলব ঐক্যবদ্ধভাবে। আমরা বিগত দিনের বিভেদ ভুলে একসঙ্গে ভারতবর্ষে বসবাস করব। এই সম্প্রীতির বার্তা আমরা ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঘরে ঘরে পৌঁছে দেব এবং প্রত্যেক নতুন প্রজন্মের শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেব। আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের নতুন প্রজন্মের ছেলে এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন— “বাংলার মাটি সম্প্রীতির মাটি। শিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার মূল স্রোতে নিয়ে আসতে হবে। রাজ্য সরকার এই বিষয়ে সব রকম সহযোগিতা করবে। আপনাদের মতো প্রবুদ্ধ নাগরিকরাই সমাজকে পথ দেখাতে পারে।”
প্রথম দিনে উপস্থিত আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারক শ্রী বিপ্লব রায় তাঁর বক্তব্যে বলেন— “ভারতবর্ষকে একসময় সোনে কি চিড়িয়া বলা হত। আবার ভারতকে বৈভবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে হিন্দু-মুসলমান সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভারত গড়াই আমাদের লক্ষ্য।”
প্রথম দিন, ২ অক্টোবর উপস্থিত ছিলেন আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারক শ্রী বিপ্লব রায়, বিচারপতি অব. সৌমেন সেন, অবসরপ্রাপ্ত সিনিয়র আইএএস নুরুল হক, পদ্মশ্রী হাজি মুহাম্মদ ফিরোজ আলম, অবসরপ্রাপ্ত বিচারক ইন্তিয়াজ আলি শাহ, অবসরপ্রাপ্ত কর্নেল তাহির মুস্তফা, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদ আখতার এবং নদীয়ার শিক্ষারত্ন আবুল হোসেন বিশ্বাস।
দ্বিতীয় দিন, ৩ অক্টোবর উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার ডক্টর সঈদ আখতার, পদ্মশ্রী ডক্টর ফিরোজ আলম, আরামবাগ টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, হাইকোর্টের ব্যারিস্টার মিতা ব্যানার্জি ও স্টেট কনভেনার ব্রীজ উপাধ্যায়।
সমগ্র অনুষ্ঠানটি সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে সম্পন্ন হয়।
৮০ বছরে বালিগঞ্জ ২১ পল্লী, ‘ষড়ভুজের অন্তরাল’-এ চমক দিতে প্রস্তুতি

