সিঁদুরে রাঙা বিদায়বেলা!
কলকাতা : লাল সিঁদুরের ছোঁয়ায় রঙিন হয়ে উঠল দশমীর পদ্মপুকুর। বিজয়ার আবেগ আর উৎসবের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেল পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। বিদায়বেলার সেই মুহূর্তের সাক্ষী থাকতে মণ্ডপে হাজির ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথামতো আগে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে শুরু হয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়। তারপর একে অপরের মুখে-কপালে সিঁদুর ছুঁইয়ে উৎসবে শামিল হন মহিলারা। হাসি, গল্প আর আবেগে ভরে ওঠে গোটা মণ্ডপ চত্বর। চারদিকে সিঁদুরের লালচে আভা, তার সঙ্গে ঢাকের বোল আর মা চলে যাওয়ার মনখারাপ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ।
ঋতুপর্ণার উপস্থিতি ঘিরে উৎসাহও ছিল চোখে পড়ার মতো। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সভাপতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সহ-সভাপতি নীতিন প্যাটেল এবং সচিব দেবরাজ বোস। সিঁদুর খেলে উমাকে বিদায় জানান প্রিয়াঙ্কাও। এই তারকা-সমাগমে সিঁদুর খেলার আসর আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাঙালির দুর্গাপুজোর অন্যতম প্রাচীন ঐতিহ্য এই সিঁদুর খেলা। মাকে বিদায় জানানোর পাশাপাশি এই রীতির মধ্য দিয়ে পরস্পরের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মহিলারা। বিজয়ার দিনে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের মণ্ডপেও ধরা পড়ল সেই চেনা ঐতিহ্য আর উৎসবের আবেগ।

