আদিযোগীর আধ্যাত্মিক ভাবনায় সেজে উঠেছে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। পদ্মপুকুর স্কোয়ারে এই পুজোর উদ্বোধন করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর সভাপতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সহ-সভাপতি নীতিন প্যাটেল এবং সচিব দেবরাজ বোস-সহ বিশিষ্ট অতিথিরা।
এ বারের পুজোর মূল আকর্ষণ ‘আদিযোগী’ থিম। দেবী দুর্গার মহাশক্তি এবং শিবের আদিযোগী রূপকে একসূত্রে তুলে ধরেছেন উদ্যোক্তারা। আধুনিক প্রজেকশন ম্যাপিংয়ের সাহায্যে ধ্যানমগ্ন আদিযোগীর বিশাল অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। লাল, সোনালি ও গাঢ় লাল রঙের আলো-ছায়ার বিন্যাসে মণ্ডপসজ্জায় এসেছে অভিনবত্ব। উদ্বোধন উপলক্ষে দিনভর ছিল নানা আয়োজন। সকালে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘ছোটদের শারদ শ্রেষ্ঠা’। বিকেলে গীতা পাঠের পাশাপাশি ইসকনের মহারাজের কণ্ঠে পরিবেশিত হয় ভক্তিমূলক গান। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পুজোর থিম ও শিল্পভাবনার প্রশংসা করেন। পুজো উদ্বোধনের পর থেকেই আদিযোগীর রূপ ও মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।

