হলদিয়া: নন্দীগ্রাম উপনির্বাচন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন হাসিরানী রথ। মঙ্গলবার হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব।
মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামে পুজো দেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কর্মসূচিতে অংশ নেন তিনি। হলদিয়ার কমদমতলা থেকে পদযাত্রা করে প্রায় এক কিলোমিটার মিছিল করে মহকুমাশাসকের দপ্তরের দিকে এগিয়ে যান বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা।নন্দীগ্রাম উপনির্বাচন,
মিছিলকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উচ্ছ্বাস। দলীয় পতাকা হাতে বহু কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে পদযাত্রায় অংশ নেন। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে মহকুমাশাসকের দপ্তরে প্রবেশ করেন হাসিরানী রথ এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতৃত্ব। সেখানেই মনোনয়নপত্র জমা দেন তিনি।
নন্দীগ্রাম উপনির্বাচনে হাসিরানী রথকে প্রার্থী করে বিজেপি যে রাজনৈতিক বার্তা দিতে চাইছে, তা নিয়েও ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। হাসিরানী রথ প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ রথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
প্রার্থী হওয়ার পর হাসিরানী রথ দলের কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর কথায়, “দল আমাকে প্রার্থী করেছে। দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা।”
নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক লড়াই জমে উঠেছে। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। ফলে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর এবার জোরকদমে প্রচারে নামার প্রস্তুতি শুরু করবে সব রাজনৈতিক দল।
নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে হাসিরানী রথকে সামনে রেখে বিজেপির এই নির্বাচনী লড়াই কতটা সফল হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

