কলকাতা:ক্রিকেটের ময়দানে ভালো খেলোয়াড় তৈরির পাশাপাশি প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত কোচ। সেই লক্ষ্যেই কলকাতায় আয়োজিত হল বিশেষ লেভেল এ কোচেস কোর্স। ১৬ থেকে ২০ নভেম্বর বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট ক্রিকেট কোচ রাজীব দত্ত।
বিসিসিআই লেভেল ৩ কোচ রাজীব দত্ত ২০০৯ সাল থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) এবং বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের কোচ ও ফ্যাকাল্টি হিসেবে যুক্ত। ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার রাজীবের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান শিবিরে অংশগ্রহণকারী কোচেরা।
পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও উইকেটকিপিংয়ের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং কোচিং দক্ষতার মূল্যায়নের বিষয়গুলিও গুরুত্ব পায়।
এই কোর্সের কনভেনার ও অন্যতম ফ্যাকাল্টি ছিলেন বিশ্বজিৎ মুখার্জী। প্রশিক্ষক হিসেবে ছিলেন এনসিএ লেভেল বি কোচ বিশ্বজিৎ মুখার্জী এবং অরিজিৎ মজুমদার। তাঁদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কোচিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ দানি এবং সেক্রেটারি বিশ্বজিৎ পাটওয়ারীর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বাংলার ক্রিকেটে কোচিংয়ের মান উন্নত করা এবং আগামী দিনে আরও দক্ষ ক্রিকেট কোচ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচ তৈরির উপর এই বিশেষ গুরুত্ব বাংলার ক্রিকেটের প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা আয়োজকদের।

