পুজো কমিটিকে ₹১ লক্ষ অনুদান, মকুব বিদ্যুৎ বিল-দমকলের খরচ, মহালয়ার আগে উদ্বোধন নয়

পুজো কমিটিকে ₹১ লক্ষ অনুদান, মকুব বিদ্যুৎ বিল-দমকলের খরচ, মহালয়ার আগে উদ্বোধন নয়

দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার হবে না কার্নিভ্যাল

কলকাতা: দুর্গাপুজোর অনুদান ২০২৬ । পালাবদলের পর বাংলায় এবার প্রথম দুর্গাপুজো। আর তার আগেই পুজো কমিটিগুলির জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, রাজ্যের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি এবারের পুজোয় বিদ্যুৎ বিল ও দমকলের খরচও মকুব করা হবে।

তবে পুজোর উদ্বোধন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগে কোনও দুর্গাপুজোর উদ্বোধন করা যাবে না। মাতৃপক্ষ শুরু হওয়ার পরই পুজোর উদ্বোধন হবে। মহালয়ার দিন ইডেন গার্ডেনে একটি মেগা শোর মাধ্যমে রাজ্যজুড়ে পুজোর সূচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বড় বাজেটের পুজোয় অনুদান না নেওয়ার আবেদন

তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান দেওয়ার প্রথা শুরু হয়েছিল। প্রথম বছর ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হলেও পরবর্তীতে অনুদানের পরিমাণ বাড়ে। ২০২৫ সালে পুজো কমিটিগুলি পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা করে।

পালাবদলের পর বড় পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, সব পুজো কমিটিই ১ লক্ষ টাকা করে অনুদান পাবে।

তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান না নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বড় বাজেটের পুজো কমিটিগুলি যদি আর্থিক সাহায্য না নেয়, তাহলে তিনি তাঁদের ধন্যবাদ জানাবেন।

অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হবে, সেই প্রক্রিয়াও জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিদ্যুৎ ও দমকলের খরচ নেই

এবারের দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিল ও দমকলের কোনও খরচ দিতে হবে না। পুজো আয়োজকদের জন্য এটি সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মহালয়ার আগে উদ্বোধন নয়

গত কয়েক বছর ধরে মহালয়ার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন হতে দেখা গিয়েছে। তবে এবার সেই প্রথায় বদল আনছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, মহালয়ার আগে কোনও পুজোর উদ্বোধন হবে না। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে পুজো আয়োজনের জন্যও কমিটিগুলিকে বার্তা দিয়েছেন তিনি।

মহালয়ার দিন ইডেন গার্ডেনে মেগা শোয়ের মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে।

এবার হবে না দুর্গাপুজোর কার্নিভ্যাল

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কলকাতা-সহ বাংলায় দুর্গাপুজোর কার্নিভ্যাল আয়োজন করা হয়েছিল। তবে এবার সেই কার্নিভ্যাল হবে না।

তার পরিবর্তে রাজ্য সরকারের তরফে শারদ সম্মান আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৪ অক্টোবরের মধ্যে বিসর্জন শেষ

বিসর্জনের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এবার বিসর্জনে ক্রেন ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।


দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার হবে না কার্নিভ্যাল কলকাতা: দুর্গাপুজোর অনুদান ২০২৬ । পালাবদলের পর বাংলায় এবার প্রথম দুর্গাপুজো। আর তার আগেই পুজো কমিটিগুলির জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, রাজ্যের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা…