দৃষ্টিপ্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্যও পুজোয় ব্যবস্থা

দৃষ্টিপ্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্যও পুজোয় ব্যবস্থা

পুজো হোক সবার! দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল দুর্গাপুজো নির্দেশিকা প্রকাশ, বিশেষ উদ্যোগ এনআইপি-র

দুর্গাপুজোর আনন্দে যাতে দৃষ্টিপ্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ নাগরিকরাও সমানভাবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল এনআইপি এনজিও। সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হল দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল দুর্গাপুজো নির্দেশিকা। পাশাপাশি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্য সুবিধাজনক পুজোমণ্ডপ গড়ে তুলতে ঘোষণা করা হয়েছে ‘ডিফারেন্টলি এবলড অ্যান্ড সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি দুর্গোৎসব অ্যাওয়ার্ডস ২০২৬’। এই উদ্যোগে অংশ নিচ্ছে ২৫০টি পুজো কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের মুখপাত্র ও ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি শতরূপা, সমাজকর্মী কৃষ্ণ দাস চ্যাটার্জি, কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সুব্রত রায়, রোটারি ক্লাব অফ বালিগঞ্জের প্রাক্তন সভাপতি আসিফ শাহ এবং এনআইপি এনজিও-র সম্পাদক দেবজ্যোতি রায়। দেবজ্যোতি রায় জানান, বয়স বা শারীরিক সক্ষমতা যেন দুর্গাপুজোয় অংশ নেওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ব্রেইল নির্দেশিকার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেরাই পুজো সম্পর্কে জানতে পারবেন। অন্যদিকে, পুরস্কারের মাধ্যমে পুজো কমিটিগুলিকে সকলের সুবিধার কথা মাথায় রেখে মণ্ডপ তৈরিতে উৎসাহিত করা হবে।
দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে এনআইপি, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনালস। ২০১২ সালের ৩ ডিসেম্বর রাজ্য পুরস্কারে সম্মানিত হয়েছিল সংস্থাটি। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সচেতনতা শিবির আয়োজনের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সর্ববাংলা দাবা প্রতিযোগিতা ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করে তারা। দুর্গাপুজোয় সকলের অংশগ্রহণ আরও সহজ করে তুলতেই এ বারের এই উদ্যোগ।


দুর্গাপুজোয় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রেইল নির্দেশিকা প্রকাশ করল এনআইপি এনজিও। পাশাপাশি ২৫০টি পুজো কমিটিকে নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণবান্ধব দুর্গোৎসব পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।