পুরপ্রতিনিধি নন, তবু ওয়ার্ডই প্রাণ! বিজয়ার শুভেচ্ছা জানাতে পথে বিশ্বরূপ দে

পুরপ্রতিনিধি নন, তবু ওয়ার্ডই প্রাণ! বিজয়ার শুভেচ্ছা জানাতে পথে বিশ্বরূপ দে

নাগরিকদের বিজয়ার শুভেচ্ছা বিশ্বরূপের 

কলকাতা : পুরপ্রতিনিধির পদে আর নেই তিনি। কিন্তু নিজের ওয়ার্ডের প্রতি টান যে একটুও কমেনি, বিজয়ার দিনে তা আরও একবার বুঝিয়ে দিলেন বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতাকে দেখা গেল বর্ণাঢ্য পদযাত্রায় ওয়ার্ড পরিক্রমা করতে। এলাকার নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জানালেন বিজয়ার প্রণাম ও শ্রদ্ধা। পদ ছাড়লেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ যে অটুট, এই উদ্যোগে উঠে এল সেই ছবিই।পুরপিতা থাকাকালীন নিজের মতো করে ৪৮ নম্বর ওয়ার্ডকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বিশ্বরূপ দে। বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন মণীষীদের আবক্ষ মূর্তি। তাঁর কাছে এই উদ্যোগ শুধুমাত্র এলাকার সৌন্দর্যায়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাবনাও। সেই ভাবনাকে সঙ্গী করেই মণীষীদের জন্মদিবস ও মৃত্যুদিনে তাঁদের স্মরণ করা হয়। এ ভাবেই ওয়ার্ডের পরিসরে সাংস্কৃতিক চর্চা ও মনীষীদের স্মৃতিচারণের একটি পরিবেশ গড়ে উঠেছিল।
বিশ্বরূপ দে-র পরিচিতি অবশ্য শুধু রাজনীতি বা পুর প্রশাসনের কাজের মধ্যে আটকে নেই। সিএবি-র প্রাক্তন যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ হিসেবে ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তবে নানা পরিচয়ের মধ্যেও তাঁর জীবনের একটি বড় জায়গা জুড়ে রয়েছে সমাজসেবা। মধ্য কলকাতার বউবাজারের শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠান ‘দ্য রেফিউজ’-এর সঙ্গে বিশ্বরূপ দে-র সম্পর্ক দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটির দেখভাল ও পরিচালনার দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। সেখানে শিশুদের পড়াশোনা, চিকিৎসা এবং সামগ্রিক কল্যাণের নানা কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। সমাজের প্রতি দায়বদ্ধতার এই অধ্যায় তাঁর কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বিজয়া মানেই শুভেচ্ছা বিনিময়, সৌজন্য এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তোলা। সেই উৎসবের আবহেই ৪৮ নম্বর ওয়ার্ডের পথে নেমেছিলেন বিশ্বরূপ দে।পুরপ্রতিনিধির পদে না থাকলেও নিজের এলাকার মানুষের সঙ্গে বিজয়ার আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে স্পষ্ট, ওয়ার্ডের সঙ্গে তাঁর সম্পর্ক কোনও পদ বা পরিচয়ের গণ্ডিতে আটকে নেই। এলাকার প্রতি ভালোবাসা, নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক কাজের মধ্য দিয়েই সেই সম্পর্ককে ধরে রাখতে চান তিনি।


কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে বিজয়ার শুভেচ্ছা জানাতে বর্ণাঢ্য পদযাত্রায় ওয়ার্ড পরিক্রমা করেন। নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁর সাংস্কৃতিক উদ্যোগ, মনীষীদের প্রতি শ্রদ্ধা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথাও উঠে এসেছে।