আনুমানিক ৩৫০-৪০০ বছরের ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয় পরম্পরা: বেলপুকুরের পণ্ডিত বাড়ির দীপান্বিতা কালীপুজো

আনুমানিক ৩৫০-৪০০ বছরের ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয় পরম্পরা: বেলপুকুরের পণ্ডিত বাড়ির দীপান্বিতা কালীপুজো

নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত বেলপুকুর গ্রাম, যা তন্ত্রগ্রাম নামেও পরিচিত। দীপান্বিতা কালীপুজোকে কেন্দ্র করে প্রতি বছর এক অনন্য উৎসবের রূপ ধারণ করে। এই গ্রামে প্রতিবছর প্রায় ৩৫০ থেকে ৪০০টি কালীপুজো অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে গোটা গ্রামের পরিবেশ বদলে যায়। আলোকসজ্জা, উৎসবের আবহ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে সেজে ওঠে গ্রাম। শুধু গ্রামের বাসিন্দারাই নন, দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে বসবাসকারী গ্রামের মানুষজনও এই বিশেষ দিনে নিজেদের শিকড়ের টানে ফিরে আসেন বেলপুকুরে।

এই গ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হল দেবীপ্রসন্নের পণ্ডিত বাড়ির কালীপুজো। এই পুজোর ইতিহাস আনুমানিক ৩৫০ বছরেরও বেশি প্রাচীন। পারিবারিক ইতিহাস অনুযায়ী, রাঘবেন্দ্রের হাত ধরে পণ্ডিত বাড়িতে এই পুজোর সূচনা হয়। অবিভক্ত ভারতবর্ষের রাজশাহী জেলার নাটোর থেকে তিনি বেলপুকুরে এসেছিলেন। সঙ্গে নিয়ে এসেছিলেন চারটি নারায়ণশিলা, দুটি যন্ত্রদেবতা এবং একটি শিবলিঙ্গ। সেই নাটোরের ধর্মীয় পরম্পরাই পরবর্তীকালে প্রতিষ্ঠা লাভ করে নদিয়ার বেলপুকুর গ্রামের পণ্ডিত বাড়িতে। আজও এই কালীপুজো ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত ও শ্রদ্ধার স্থান হিসেবে পরিচিত।

শুধু পুজো নয়, পণ্ডিত বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার দীর্ঘ ইতিহাস। একসময় এই বাড়িতে একটি টোল ছিল, যেখানে সংস্কৃত শিক্ষাদান করা হতো। বলরাম পঞ্চানন, দেবীপ্রসন্ন ভট্টাচার্য, মৃত্যুঞ্জন স্মৃতি তীর্থ , অমৃত্যুহরি ভট্টাচার্য, নিত্যহরি ভট্টাচার্য প্রমুখ ছিলেন এই পরিবারের উজ্জ্বল ব্যক্তিত্ব।

পরবর্তী সময়ে পরিবারের পুজোর দায়িত্ব গ্রহণ করেন চিকিৎসক সুব্রত ভট্টাচার্য। তিনি শুধু পারিবারিক ঐতিহ্য রক্ষাই করেননি, গ্রামের মানুষের কাছে মানবসেবার এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছিলেন। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের তিনি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতেন। প্রয়োজনে কলকাতায় নিজের বাসভবনে রেখেও গ্রামের মানুষদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তাঁর এই সমাজসেবামূলক কর্মকাণ্ড আজও গ্রামের মানুষের স্মৃতিতে উজ্জ্বল।

পুজোর কাজে তাঁর সহযোগী ছিলেন দেবপ্রসাদ ভট্টাচার্য, কালীপ্রসাদ ভট্টাচার্য এবং রমাপ্রসাদ ভট্টাচার্য। বর্তমানে তাঁরা প্রত্যেকেই প্রয়াত। কিন্তু তাঁদের রেখে যাওয়া ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক পরম্পরা আজও অক্ষুণ্ণ রয়েছে উত্তরসূরিদের হাত ধরে।

পণ্ডিত বাড়ির বিশেষত্ব হল, এই বাড়ির পুজো বাইরের পুরোহিতের পরিবর্তে পরিবারের সদস্যরাই সম্পন্ন করেন। বর্তমানে অম্বর ভট্টাচার্য নিয়মিত পুজোর দায়িত্ব পালন করছেন। বাড়িতে প্রতিদিন দুটি প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পুজো হয়। এছাড়া প্রতি অমাবস্যায় কালীপুজো-সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও প্রচলিত রীতি ও আচার মেনে অনুষ্ঠিত হয়।

এই পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল প্রায় ১৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। দুর্গাপুজো এবং দীপান্বিতা কালীপুজো—উভয়ই বেলপুকুর তথা নদিয়া জেলার পরিচিত ও ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে।

পরিবারের প্রবীণ সদস্যদের মধ্যে দেবপ্রসাদ ভট্টাচার্যের একমাত্র ভগিনী মিনতী চক্রবর্তী আজও পরিবারের সকলকে একসূত্রে বেঁধে রেখেছেন। প্রতি বছর দুর্গাপুজোর সময় তিনি ভাইপোদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং পরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পণ্ডিত বাড়ি ছাড়াও বেলপুকুরের ন বাড়ির পুজো, ছোট বাড়ির পুজো, করালি বাড়ির পুজো এবং পঞ্চানন বাটির পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পুজোগুলিও নদিয়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। সব মিলিয়ে বেলপুকুরের দীপান্বিতা কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কয়েক শতাব্দীর ইতিহাস, পারিবারিক ঐতিহ্য, সামাজিক বন্ধন এবং গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র।

পণ্ডিত বাড়ির বর্তমান প্রজন্মের সদস্য সোহম ভট্টাচার্য ওরফে ভাস্কর আমাদের প্রতিনিধিকে জানান, “বেলপুকুর গ্রাম তন্ত্রগ্রাম নামেও পরিচিত। এই গ্রামের একটি স্বতন্ত্র ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। আমাদের পরিবারের ইতিহাসও এই গ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের পূর্বপুরুষরা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন। শোনা যায়, স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাস এই বাড়িতে এসেছিলেন এবং তাঁর সঙ্গে পরিবারের নিয়মিত যোগাযোগ ছিল। এমন একটি ঐতিহ্যশালী পরিবারের সদস্য হতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরও জানান, আগামী দিনে পণ্ডিত বাড়ির কালীপুজোকে আরও বৃহত্তর পরিসরে উদযাপনের পরিকল্পনা রয়েছে। যেভাবে প্রতিবছর জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করা হয়, সেভাবেই কালীপুজোকেও আরও সুন্দর এবং জাঁকজমকপূর্ণ করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আসলে বেলপুকুরের পণ্ডিত বাড়ির কালীপুজো কেবল ৩৫০ বছরের একটি ধর্মীয় পরম্পরা নয়; এটি এক পরিবারের ইতিহাস, পূর্বপুরুষদের স্মৃতি, মানবসেবার আদর্শ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান বিশ্বাসের জীবন্ত দলিল। দীপান্বিতার আলোয় যখন গোটা বেলপুকুর আলোকিত হয়ে ওঠে, তখন পণ্ডিত বাড়ির এই প্রাচীন পুজোও নতুন করে মনে করিয়ে দেয়—ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও বর্তমান প্রজন্মের। web upload metadata


নদিয়ার বেলপুকুর, অর্থাৎ তন্ত্রগ্রামের অন্যতম প্রাচীন পুজো দেবীপ্রসন্নের পণ্ডিত বাড়ির দীপান্বিতা কালীপুজো। আনুমানিক ৩৫০-৪০০ বছরের ইতিহাস, নাটোর থেকে আসা ধর্মীয় পরম্পরা, পারিবারিক ঐতিহ্য ও মানবসেবার স্মৃতি আজও বহন করে চলেছে এই পুজো।