শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও

শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও

১১ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট, নগদ তোলা থেকে চেক পরিষেবা—কী কী প্রভাব পড়বে?

নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্ক ধর্মঘট । শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা এবং কর্মীদের একাধিক দাবি-দাওয়া নিয়ে এই ধর্মঘটের ডাক। ফলে শুক্রবার দেশের বিভিন্ন ব্যাঙ্কের শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে শাখা-ভিত্তিক পরিষেবায়। নগদ জমা বা তোলা, চেক জমা ও নিষ্পত্তি, পাসবই সংক্রান্ত কাজ, কেওয়াইসি-সহ কাউন্টারে করা বিভিন্ন পরিষেবা ব্যাহত হতে পারে। জরুরি ব্যাঙ্কের কাজ থাকলে আগেভাগেই তা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

ধর্মঘটের পরের দু’দিনও গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ। ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার হওয়ায় সাধারণ শাখা পরিষেবা এমনিতেই বন্ধ থাকবে। ফলে শুক্রবারের ধর্মঘটের সঙ্গে মিলিয়ে কার্যত টানা তিন দিন বহু গ্রাহককে শাখায় গিয়ে ব্যাঙ্কের কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হতে হবে। ব্যাঙ্ক ধর্মঘট ।

তবে এটিএম, ইউপিআই এবং ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এমন কোনও নির্দেশ নেই। এসব ডিজিটাল পরিষেবা সাধারণত চালু থাকার কথা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও গ্রাহকদের ধর্মঘটের সময় এটিএম, নগদ জমা-তোলার মেশিন, গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মতো বিকল্প পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে। ব্যাঙ্ক ধর্মঘট ।

তবে এটিএম পরিষেবা নিয়েও কিছুটা সতর্কতা প্রয়োজন। শাখার কর্মীরা ধর্মঘটে থাকায় এটিএমে নগদ টাকা ভরার মতো পরিষেবায় কোনও কোনও ক্ষেত্রে বিলম্ব হতে পারে। ফলে বিশেষ করে সপ্তাহান্তের আগে বেশি পরিমাণ নগদের প্রয়োজন থাকলে আগেই টাকা তুলে রাখাই নিরাপদ। যদিও সব এটিএমে পরিষেবা বন্ধ থাকবে, এমন কোনও তথ্য নেই। 

ধর্মঘটের অন্যতম প্রধান দাবি হল দীর্ঘদিনের পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। ২০২৪ সালের দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তিতে বিষয়টি থাকলেও এখনও তা কার্যকর হয়নি বলে অভিযোগ ব্যাঙ্ক ইউনিয়নগুলির। পাশাপাশি কর্মদক্ষতা-নির্ভর প্রণোদনা বা পিএলআই ব্যবস্থা নিয়েও আপত্তি রয়েছে ইউনিয়নগুলির। আলোচনা থেকে সমাধান না মেলায় ১১ সেপ্টেম্বরের ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ব্যাঙ্ক ধর্মঘট ।

শুধু ১১ সেপ্টেম্বরই নয়, সেপ্টেম্বরের শেষেও ফের ধর্মঘটের কর্মসূচি রয়েছে। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘট এবং সমস্যা মিটিয়ে না উঠলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে UFBU। 

তাই উৎসবের মরসুমের আগে ব্যাঙ্কের কোনও জরুরি কাজ থাকলে তা শেষ মুহূর্তে না রেখে আগেভাগেই সেরে নেওয়াই গ্রাহকদের জন্য নিরাপদ।


শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। পুজোর মুখে প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।