বালিগঞ্জ ২১ পল্লী দুর্গাপুজো ২০২৬ ,সুরেশ শেঠিয়ার বিশেষ উদ্যোগ! বালিগঞ্জ ২১ পল্লীতে ২১ মহিলার উপস্থিতিতে দুর্গাপুজোর উদ্বোধন
আট দশকের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ফের নতুন ভাবনায় দর্শকদের সামনে বালিগঞ্জ ২১ পল্লী। ৮০তম বর্ষে পা রাখা এই দুর্গাপুজোয় এ বার থিম ‘ষড়ভুজের অন্তরাল’। পুজোর উদ্বোধন হল ২১ জন মহিলার উপস্থিতিতে। উদ্বোধনের দিন থেকেই মণ্ডপ ও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বালিগঞ্জ ২১ পল্লীর এই পুজোর আয়োজনের কেন্দ্রে রয়েছেন সভাপতি সুরেশ শেঠিয়া। সিটি কেবলের অন্যতম কর্ণধার সুরেশের নেতৃত্বে দীর্ঘদিন ধরেই ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার মেলবন্ধন ঘটিয়ে আসছে পুজো কমিটি। ৮০তম বর্ষকে স্মরণীয় করে তুলতে এ বারও বিশেষ পরিকল্পনা করা হয়েছে। সুরেশ শেঠিয়ার কাছে আট দশকের এই যাত্রা শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের স্মৃতি, আবেগ ও অংশগ্রহণ। সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই প্রতি বছর নতুন ভাবনা তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
পুজোর প্রস্তুতি ও আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস। পুরাণ ও দর্শনের মেলবন্ধনে তৈরি হয়েছে এ বারের মণ্ডপ। সৃজনশীল পরিকল্পনায় শিল্পী সৌরজিৎ ব্যানার্জী এবং ভাস্কর্যে সায়ন হালদার। বরাবরের মতো এ বারও প্রকৃতিবান্ধব পুজোর ভাবনাকে গুরুত্ব দিয়েছে ২১ পল্লী। আট দশকের পথচলায় ঐতিহ্যকে সঙ্গী করেই নতুনত্বের সন্ধান—বালিগঞ্জ ২১ পল্লীর পুজোর অন্যতম বৈশিষ্ট্য। আর সেই আয়োজনকে সামনে রেখে দর্শকদের নজর কাড়তে উদ্যোগী সভাপতি সুরেশ শেঠিয়া ও তাঁর টিম।

