সিঁদুরে সাবেকি বিদায়! বাগুইহাটি স্পোর্টস কাউন্সিলে উমাকে বিদায় জানালেন হাজার মহিলা

সিঁদুরে সাবেকি বিদায়! বাগুইহাটি স্পোর্টস কাউন্সিলে উমাকে বিদায় জানালেন হাজার মহিলা

একচালা প্রতিমার সামনে সিঁদুর খেলার আসর

বাগুইআটি :বাগুইহাটি স্পোর্টস কাউন্সিলে সিঁদুর খেলা, ঢাকের বোল থামার আগে শেষ একবার মাকে কাছে পাওয়ার ব্যাকুলতা। দশমীর বাগুইহাটিতে তাই সিঁদুরের লালে মিশে গেল হাসি আর চোখের জল। বাগুইহাটি স্পোর্টস কাউন্সিলের পুজো প্রাঙ্গণে সাবেকি রীতিতে উমাকে বিদায় জানালেন এলাকার প্রায় এক হাজার মহিলা। একে অপরের কপালে সিঁদুর ছুঁইয়ে, মিষ্টিমুখ আর আলিঙ্গনে চলল বিজয়ার শুভেচ্ছা বিনিময়। উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে ছিল মা চলে যাওয়ার মনখারাপ। প্রত্যেকের প্রার্থনা ছিল এক, আবার এসো মা। এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ সাবেকি একচালা প্রতিমা। আধুনিক থিম আর জাঁকজমকের ভিড়ে এমন ঐতিহ্যবাহী একচালা রূপ এখন বিরল। সেই চেনা, আটপৌরে মাকেই দেখতে প্রতি বছর ভিড় জমান দর্শনার্থীরা। ৪৩ বছর ধরে বাঙালির চিরাচরিত রীতি আর সংস্কৃতিকে আঁকড়ে রেখেছেন উদ্যোক্তারা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর সম্পাদক দেবকুমার পালের উদ্যোগে এবং উদ্যোক্তাদের সহযোগিতায় সম্পন্ন হয় গোটা আয়োজন। সিঁদুর খেলায় এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। বিদায়ের বেদনা আর পরের বছরের অপেক্ষা, এই দুইয়ের মাঝখানেই বাঁধা পড়ল বাগুইহাটির দুর্গোৎসব। সাবেকি প্রতিমা আর ঐতিহ্যবাহী সিঁদুর খেলার মেলবন্ধনে ফুটে উঠল বাঙালির চিরন্তন পুজোর ছবি।


বিজয়া দশমীতে বাগুইহাটি স্পোর্টস কাউন্সিলের পুজো প্রাঙ্গণে সাবেকি রীতিতে সিঁদুর খেলায় অংশ নিলেন এলাকার প্রায় এক হাজার মহিলা। একচালা প্রতিমার সামনে সিঁদুর, মিষ্টিমুখ ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উমাকে বিদায় জানালেন তাঁরা। ৪৩ বছরের ঐতিহ্য ধরে রাখল পুজো কমিটি।