কলকাতা: বিসর্জনের প্রস্তুতি দেখতে ঘাটে অর্জুন সিং, উমা বিদায়ের আর মাত্র এক দিন বাকি। তার আগে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে গঙ্গার বিভিন্ন ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বাজে কদমতলা ঘাট থেকে শুরু করে স্পিডবোটে একাধিক ঘাট পরিদর্শন করেন তিনি। এ দিনের পরিদর্শন শেষ হয় নিমতলা ঘাটে। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল অজয় নন্দ এবং কলকাতা পুরকমিশনার স্মিতা পাণ্ডে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর এ বছরই প্রথম দুর্গাপুজো। তাই প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী।বিসর্জনের প্রস্তুতি দেখতে ঘাটে অর্জুন সিং
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এ বছর প্রতিমা বিসর্জনে ক্রেন ব্যবহার করা হবে না। সেই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থাপনা এবং বিসর্জন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা বেড়েছে।
পরিদর্শনের পর অর্জুন সিং জানান, এ বার আরও কঠোর নিয়ম মেনে প্রতিমা বিসর্জন করা হবে। প্রতিমার সঙ্গে চারজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট সীমানার বাইরে থাকতে হবে অন্যদের। প্রতিমা পরিবহণের সুবিধার জন্য ট্রলির ব্যবস্থাও রাখা হচ্ছে। বিসর্জনের সময় পুলিশ ও প্রশাসন সতর্ক থাকবে, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্টের মর্মান্তিক ঘটনার পর বিসর্জন ঘিরে নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হবে বলেও জানান মন্ত্রী। ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল এবং ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।বিসর্জনের প্রস্তুতি দেখতে ঘাটে অর্জুন সিং
অষ্টমীর দুপুরে ঘাট পরিদর্শনের মাধ্যমে বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে—উৎসবের শেষ পর্বেও নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। এখন লক্ষ্য, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উমা বিদায়ের প্রক্রিয়া সম্পন্ন করা।বিসর্জনের প্রস্তুতি দেখতে ঘাটে অর্জুন সিং

