পাঁচ দিনের আসরে অংশ নেবে প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়
পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির পুরুষদের ভলিবল প্রতিযোগিতার আসর বসল বারাসতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার অ্যাডামাস নলেজ সিটিতে শুরু হয়েছে ২০২৬-২৭ সালের ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল টুর্নামেন্ট। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের (এআইইউ) তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেবে বলে আশা। খেলোয়াড়, প্রশিক্ষক ও সহযোগী কর্মী মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ৮০০ ছাড়াতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য-সহ ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা।
পাঁচ দিনের এই প্রতিযোগিতায় চারটি কোর্টে প্রায় ৬৫টি ম্যাচ হওয়ার কথা। অংশগ্রহণকারী ৬০টি দলকে চারটি পুলে ভাগ করে হবে লিগ পর্বের খেলা। তার পর শুরু হবে নকআউট পর্ব। বিশ্ববিদ্যালয় স্তরের খেলোয়াড়দের দক্ষতা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও দলগত সংহতি তুলে ধরার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোরও সুযোগ করে দেবে এই আয়োজন। পশ্চিমবঙ্গের বারাসতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক বিকাশেও গুরুত্ব দেয়। পড়াশোনার সঙ্গে খেলাধুলোর সমন্বয় ঘটিয়ে পড়ুয়াদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে অ্যাডামাস।

