৮০ বছরে বালিগঞ্জ ২১ পল্লী, ‘ষড়ভুজের অন্তরাল’-এ চমক দিতে প্রস্তুতি

৮০ বছরে বালিগঞ্জ ২১ পল্লী, ‘ষড়ভুজের অন্তরাল’-এ চমক দিতে প্রস্তুতি

কলকাতা: বালিগঞ্জ ২১ পল্লী, দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর পরিচিত নাম বালিগঞ্জ ২১ পল্লী। এবার ৮০ বছরে পা দিচ্ছে এই পুজো। আর বিশেষ এই বছরটিকে স্মরণীয় করে তুলতে নতুন ভাবনা নিয়ে প্রস্তুত হচ্ছে বালিগঞ্জ ২১ পল্লী। এবারের থিম ‘ষড়ভুজের অন্তরাল’।

পুজোর সভাপতি ও উদ্যোগপতি সুরেশ শেঠিয়ার নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্প্রতি আয়োজন করা হয় খুঁটিপুজো এবং থিম ব্যানার উন্মোচনের অনুষ্ঠান। পুজোর কাজে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস।

এবারের থিমে পুরাণ ও দর্শনের ভাবনাকে তুলে ধরা হচ্ছে। মণ্ডপ তৈরির সৃজনশীল দায়িত্বে রয়েছেন শিল্পী সৌরজিৎ ব্যানার্জী। ভাস্কর্যের দায়িত্বে রয়েছেন সায়ন হালদার। ফলে মণ্ডপে পুরনো পুজোর ঐতিহ্যের পাশাপাশি নতুন ধরনের ভাবনাও দেখতে পাবেন দর্শকরা।বালিগঞ্জ ২১ পল্লী

সুরেশ শেঠিয়ার কথায়, ৮০ বছর শুধু একটি সংখ্যা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের স্মৃতি, আবেগ এবং ভালোবাসা। সেই ঐতিহ্যকে ধরে রেখেই প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করা হয়। এবারও ‘ষড়ভুজের অন্তরাল’-এর মাধ্যমে দর্শকদের সামনে নতুন একটি ভাবনা তুলে ধরার চেষ্টা চলছে।

খুঁটিপুজো ও থিম ব্যানার উন্মোচনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ডক্টর শতরূপা। তাঁর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ৮০তম বর্ষের পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি।

এখন পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। মণ্ডপ তৈরি, থিমের কাজ এবং অন্যান্য প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ৮০ বছরের ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার এই মেলবন্ধন দর্শকদের কতটা ভালো লাগবে, এখন সেই অপেক্ষাতেই বালিগঞ্জ ২১ পল্লী।


৮০ বছরে পা দিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ২১ পল্লীর দুর্গাপুজো। এবারের থিম ‘ষড়ভুজের অন্তরাল’। সুরেশ শেঠিয়ার নেতৃত্বে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।