বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড

বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড

বয়স ভাঁড়ানোর অপরাধে স্পিনার রোহিত যাদবকে দু’বছরের নির্বাসনে পাঠিয়েছে সিএবি। এবার আরও বড়সড় ধাক্কা খেলেন তিনি। ভারতীয় বোর্ডও এবার রোহিতকে দু’বছরের নির্বাসনে পাঠিয়ে দিল! ভারতীয় বোর্ড সূত্রের খবর, রোহিতকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে। আগামী দু’বছর কোনও ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। দিনকয়েক আগে অনূর্ধ্ব উনিশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ভারতের টিমে রাখা হয়েছিল তাঁকে। ওয়ান ডে এবং মাল্টি ডে ফর্ম‌্যাটের টিমে। বর্তমানে পরিস্থিতি যা, তাতে একটা টিমেও আর খেলতে পারবেন না তিনি।

এখানে লিখে রাখা যাক, একবার নয়। রোহিতের আধার কার্ড হিস্ট্রি আপডেটে একাধিক বার জন্মসাল বদলানোর প্রমাণ পাওয়া গিয়েছিল। তাঁর আধার কার্ড আপডেট হয়েছে সাত-সাত বার! ২০১৪ সালে প্রথম বার রোহিতের আধার কার্ড রেজিস্ট্রেশনের সময় তাঁর জন্মতারিখ ছিল ৭-৭-২০০৭। ঠিকানা ছিল, উত্তরপ্রদেশ। কিন্তু ২০১৭ সাল থেকে বারবার বাংলার হয়ে খেলা স্পিনারের কখনও জন্মসাল, কখনও বাসস্থান, ক্রমাগত বদলাতে থাকে। ২০১৭ সালে রোহিতের জন্মসাল ২০০৭-এর বদলে করে দেওয়া হয় ২০০৬। আবার ২০২১ সালে তাঁর জন্মসাল রাতারাতি ২০০৬ থেকে হয়ে যায় ২০০৯!