দেশের জিডিপি বৃদ্ধির হার কি সত্যিই ৭.৮ শতাংশ? প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গার্গ। জিডিপি বৃদ্ধি নিয়ে সরকার যে পরিসংখ্যান দিয়েছে, সেটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন রঘুরাম রাজন-সহ আরও কয়েকজন অর্থনীতিবিদ। এবার এই সব অর্থনীতিবিদদের একহাত নিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলে দিলেন, “যারা জিডিপি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা আসলে কর্মহীন নিন্দুক। এঁরা দেশের কোনও কাজে লাগে না।?”
একদিন আগেই কেন্দ্র জানিয়েছে, ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্স হ্যান্ডেলে জানান, চলতি অর্থবর্ষে জিডিপির এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে ভারতীয় জনতা ও তাঁদের কঠোর শ্রম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংবাদসংস্থা এএনআইকে জানিয়ে দেন, জিডিপি বৃদ্ধির হার বুঝিয়ে দিচ্ছে যাঁরা সবটায় ‘গেল গেল’ রব তোলেন, তাঁদের হতভম্ব করে দিয়ে এগিয়ে চলেছে দেশ। আমাদের জনগণের সমবেত শক্তির কারণেই বিশ্বজুড়ে অনিশ্চয়তা, তেলের দামের আকস্মিক ওঠানামা এবং সরবরাহজনিত সমস্যা সত্ত্বেও ভারত এই বৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
