অতীতের মনোমালিন্য কাটিয়ে বিধানসভায় ফের জোট বাঁধছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দুই শিবিরের তরফেই জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সপা ও কংগ্রেসের জোট কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। আসন ভাগাভাগি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছে দুই দল। জানা যাচ্ছে, সেক্ষেত্রে কংগ্রেসের কাছে বেশি আসনের দাবি রেখেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে দুই দল একসঙ্গে লড়ে ভালো ফল করেছিল উত্তরপ্রদেশে। যদিও পরে হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন তৈরি হয় দুই পক্ষের। তথ্য বলছে, অতীতের সেই সমস্যা কাটিয়ে বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশে ফের জোট বেঁধে লড়াইয়ে নামতে চলেছে দুই দল। এই বিষয়ে সপা নেতৃত্বের বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তা নিশ্চিত করতেই এই জোট। যদিও আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে দড়ি টানাটানি চলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
