বাড়তি আরাম! দাম ১৭ লক্ষ ৯৯ হাজার ৮০০ টাকা
বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও বিলাসবহুল সংস্করণ নিয়ে এল জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া। ২৮ অক্টোবর বাজারে এসেছে এমজি উইন্ডসর ইন্ডালজ এডিশন। সংস্থার দাবি, ভারতের এক নম্বর বৈদ্যুতিক গাড়ি হিসেবে পরিচিত উইন্ডসরকে আরও আভিজাত্যপূর্ণ অভিজ্ঞতার সঙ্গে তুলে ধরতেই এই নতুন উদ্যোগ। গাড়িটির এক্স-শোরুম দাম ১৭ লক্ষ ৯৯ হাজার ৮০০ টাকা।
নতুন সংস্করণে গাড়ির বাইরের নকশা থেকে শুরু করে ভিতরের সাজসজ্জা—সবেতেই রয়েছে বিশেষত্বের ছোঁয়া। শ্যাডো গোল্ড রঙের গাড়িতে কালো ছাদ, কালো রঙের বাইরের আয়না এবং ১৮ ইঞ্চির কালো অ্যালয় চাকা নজর কাড়বে। সি-পিলারে রয়েছে বিশেষ ইন্ডালজ ব্যাজ।
গাড়ির ভিতরে বাদামি ও কালো রঙের আসনসজ্জার পাশাপাশি সামনের আসনের মাথা রাখার অংশে রয়েছে ইন্ডালজ লেখা। পিছনের যাত্রীদের আরাম ও বিনোদনের কথা মাথায় রেখে দ্বিতীয় সারিতে যুক্ত করা হয়েছে প্রাইভে স্ক্রিন। সঙ্গে থাকছে বিশেষ নকশার কুশন ও গলার বালিশ।
এ ছাড়াও গাড়ির সাজসজ্জায় রয়েছে রোদ আটকানোর পর্দা, ত্রিমাত্রিক মেঝের ম্যাট, সামনের গ্রিলে ক্রোমের ছোঁয়া, বাম্পারের কোণ রক্ষার ব্যবস্থা, গাড়ির পাশের সুরক্ষামূলক মোল্ডিং এবং চামড়ার চাবির খাপ। গ্রাহকদের পছন্দ অনুযায়ী গাড়ি সাজিয়ে নেওয়ার জন্য বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রীও পাওয়া যাবে।
এমজি উইন্ডসর ইন্ডালজ এডিশনে রয়েছে ৩৮ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি। এই ব্যাটারি থেকে ১০০ কিলোওয়াট বা ১৩৬ পিএস শক্তি এবং ২০০ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ৩৩২ কিলোমিটার চলতে পারে।
উইন্ডসরের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১৩৫ ডিগ্রি পর্যন্ত হেলানো যায় এমন অ্যারো লাউঞ্জ আসন এবং ১৫.৬ ইঞ্চির গ্র্যান্ডভিউ টাচস্ক্রিন। সেডানের প্রশস্ততা ও আরামের সঙ্গে এসইউভির ব্যবহারিক সুবিধার সমন্বয়ে তৈরি এই গাড়ির নতুন সংস্করণে আরও উন্নত কেবিনের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে সংস্থা।
এই প্রসঙ্গে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না জানিয়েছেন, মাত্র ২৪ মাসে ৮০ হাজারেরও বেশি পরিবারের কাছে পৌঁছেছে এমজি উইন্ডসর। তাঁর মতে, ইন্ডালজ এডিশনের বিশেষ সংযোজন ও উন্নত কেবিন গ্রাহকদের আরও বিলাসবহুল এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গাড়ি ব্যবহারের সুযোগ দেবে।

