কলকাতা: শচীন দেববর্মণের ১২০তম জন্মবার্ষিকী ,ভারতীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় সুরস্রষ্টা শচীন দেববর্মণের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল। জয় ভীম ন্যাশনাল কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম এবং মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ কলকাতার ৩৬/১ সাউথ এন্ড পার্ক, অর্থাৎ সঙ্গীত সরণিতে শচীন দেববর্মণের ঐতিহাসিক বাড়ির সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিডিউল্ড কাস্ট ফেডারেশনের জাতীয় সভাপতি তথা জয় ভীম ন্যাশনাল কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মল্লিক।
অনুষ্ঠানে শচীন দেববর্মণের গান পরিবেশন করেন শিল্পী রাজ দত্ত ও মনীষা দাস। তাঁর জনপ্রিয় গান গেয়েই সুরস্রষ্টাকে শ্রদ্ধা জানান তাঁরা। পরে সাদার্ন অ্যাভিনিউয়ে শচীন দেববর্মণের মূর্তিতেও মাল্যদান করা হয়।
অনুষ্ঠানের মুখ্য সংগঠক শুভঙ্কর রায়চৌধুরী-সহ উদ্যোক্তারা শচীন দেববর্মণ ও রাহুল দেববর্মণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি সংস্কারের দাবি জানান। তাঁদের প্রস্তাব, বাড়িটি সংস্কার করে সেখানে একটি ‘সঙ্গীত হাব’ তৈরি করা হোক।
উদ্যোক্তাদের বক্তব্য, শচীন দেববর্মণের মতো শিল্পীর সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহাসিক জায়গাকে সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম ভারতীয় সঙ্গীতের ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবে। শুধু জন্মবার্ষিকীতে স্মরণ নয়, তাঁর স্মৃতি ও সৃষ্টিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও আয়োজন করা যেতে পারে বলে জানান তাঁরা।

