পুজোয় প্রকাশ পেল ‘ডবল রূপঙ্কর’, গানে গানে পাহাড় ভ্রমণ

পুজোয় প্রকাশ পেল ‘ডবল রূপঙ্কর’, গানে গানে পাহাড় ভ্রমণ

কলকাতা: পুজোর আবহে প্রকাশ পেল দুটি নতুন আধুনিক বাংলা গান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে ‘মেঘ আসে পাশে’ এবং ‘একলা পথ’—এই দুই গান নিয়ে হাজির দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি। নিবেদনে খুকুমণি, সহযোগিতায় থিজম ইভেন্টস।

২৫ সেপ্টেম্বর কলকাতার লেজেন্ড অ্যান্ড লিগেসি ক্যাফেতে আয়োজিত অনুষ্ঠানে গান দুটির প্রকাশ হয়। দ্য ড্রিমার্স-এর কর্ণধার সুদীপ্ত চন্দের কথা ও সুরে তৈরি হয়েছে গান দুটি। রূপঙ্করের কণ্ঠে রেকর্ড করা হয়েছে গানগুলি দমদমের ঐতিহাসিক এইচএমভি স্টুডিওতে, যা বর্তমানে সারেগামা নামে পরিচিত।

প্রথম গান ‘মেঘ আসে পাশে’-এর সঙ্গীতায়োজন করেছেন রণদীপ মুখোপাধ্যায়, যিনি মানু নামেও পরিচিত। দ্বিতীয় গান ‘একলা পথ’-এর সঙ্গীতায়োজন করেছেন মাধুর্য্য মুখোপাধ্যায়। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী, দেবজ্যোতি মিশ্র, খুকুমণির পক্ষে অরিত্র রায় চৌধুরী ও দিয়া রায় চৌধুরী, থিজম ইভেন্টসের ঋতম সাহা-সহ শিল্পী ও আয়োজকরা।

পুজোর গানের সঙ্গে একসময় এইচএমভি স্টুডিওর বিশেষ যোগ ছিল। সেই পুরনো দিনের স্মৃতিকে সামনে রেখেই এই স্টুডিওতে নতুন গান রেকর্ড করেছেন রূপঙ্কর। শিল্পীর কথায়, ১৯৯২ সালে প্রথম এই স্টুডিওতে এসেছিলেন সুমন চট্টোপাধ্যায়ের গানের রেকর্ডিং দেখতে। পরে নিজের অ্যালবামের কাজেও একাধিকবার সেখানে এসেছেন।

দ্য ড্রিমার্স-এর অন্যতম বৈশিষ্ট্য বাংলা ট্র্যাভেল সং। পাহাড়ের বিভিন্ন জায়গায় গানের শুটিং করার পাশাপাশি নতুন দুই গানেও পাহাড়ের দৃশ্য থাকছে। গান দুটি জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ‘একলা পথ’-এর মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।


পুজোর আবহে রূপঙ্কর বাগচীর কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ আসে পাশে’ ও ‘একলা পথ’। দ্য ড্রিমার্সের নতুন দুই বাংলা গানে পুজোর নস্টালজিয়ার সঙ্গে থাকছে পাহাড়ের মনোরম দৃশ্য ও ভ্রমণের স্বাদ।