বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলে এবার কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি
কলকাতা: রবীন্দ্র ভি ঘুগে। কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। বুধবার কলকাতা হাই কোর্টের এক নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বিচারপতি ঘুগে এর আগে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ অগস্ট তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করে। পরে কেন্দ্রীয় সরকার তাঁর নিয়োগে অনুমোদন দেয়।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী এতদিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। প্রাক্তন প্রধান বিচারপতি সুজয় পালের অবসরের পর তিনি এই দায়িত্ব সামলাচ্ছিলেন।
শ্রমিকদের হয়ে প্রায় ২ হাজার মামলায় সওয়াল
১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রবীন্দ্র ভি ঘুগে। আইনজীবী জীবনের প্রথম দিকে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলির হয়ে প্রায় ২ হাজার মামলায় সওয়াল করেন তিনি। পরবর্তীতে প্রায় ২৫০টি শিল্প সংস্থা, যার মধ্যে একাধিক বহুজাতিক সংস্থাও রয়েছে, তাদের হয়ে আদালতে সওয়াল করেন।রবীন্দ্র ভি ঘুগে।
আইনজীবী হিসেবে কাজের পাশাপাশি আইনশিক্ষার সঙ্গেও যুক্ত ছিলেন বিচারপতি ঘুগে। তিনি ড. বাবাসাহেব আম্বেডকর মরাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা ভি বি ঘুগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন।রবীন্দ্র ভি ঘুগে।
২০১৩ সালে বম্বে হাই কোর্টের বিচারপতি
২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রবীন্দ্র ভি ঘুগে। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার পর ২০২৬ সালের জুনে তাঁকে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
শপথ নেওয়ার পর নিজের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরে বিচারপতি ঘুগে বলেন, কঠোর পরিশ্রম, সততা এবং নিষ্ঠা মানুষকে কঠিন পরিস্থিতি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। প্রথম প্রজন্মের আইনজীবী হিসেবে তাঁর এই যাত্রা তরুণ আইনজীবীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেও তিনি বার্তা দেন।রবীন্দ্র ভি ঘুগে।
এর ফলে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলার পর কলকাতা হাই কোর্ট পেল তার স্থায়ী প্রধান বিচারপতি। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে হলেন কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি।

