১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০, উপকৃত ১ কোটি ৪৮ লক্ষ মহিলা

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০, উপকৃত ১ কোটি ৪৮ লক্ষ মহিলা

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের রাজ্যের বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে।

তিন সামাজিক ভাতায় ৮৩ লক্ষের বেশি প্রাপক

বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য রাজ্য সরকারের দেওয়া সামাজিক ভাতার অঙ্কও বাড়ানো হয়েছে। আগে এই ভাতার পরিমাণ ছিল মাসে ১,০০০ টাকা। বর্তমানে তা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।

সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা প্রাপকদের হাতে ভাতার সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রেও জালিয়াতির ঘটনা সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, সেখানে এক ব্যক্তি বিধবা ভাতা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

মুখ্যমন্ত্রীর দাবি, বয়স ভাঁড়িয়ে এবং ভুয়ো শংসাপত্র ব্যবহার করে অনেকে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই ধরনের অনিয়ম বন্ধ করতে প্রকল্পগুলির আবেদনপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

যোগ্য নন? সুবিধা ছেড়ে দেওয়ার বার্তা

মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কেউ যদি কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না হন, তাহলে তাঁরা যেন স্বেচ্ছায় সেই সুবিধা ছেড়ে দেন।

সরকারের হিসাব অনুযায়ী, বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম—এই তিন ধরনের ভাতা বর্তমানে ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপক পাচ্ছেন। এর জন্য রাজ্য সরকারের বছরে প্রায় ১৪,৭৭১ কোটি টাকা খরচ হবে।

বাতিল হচ্ছে পুরনো ওয়েটিং লিস্ট

সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে আগের সরকারের আমলে তৈরি অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্ট পুরোপুরি বাতিল করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, নতুন সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরগুলিতে যে আবেদন জমা পড়েছে, সেগুলিই এবার বিবেচনা করা হবে।

বিধবা মহিলাদের অন্নপূর্ণা যোজনায় আবেদনের আহ্বান

২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, যোগ্য হলে তাঁরা মাসে ১,৫০০ টাকার বিধবা ভাতার পরিবর্তে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।

আগামী নভেম্বর-ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে ফের জনকল্যাণ শিবির হবে। সেখানেই বিভিন্ন সামাজিক প্রকল্পে আবেদন করা যাবে।

বিশেষ ভাবে সক্ষম মহিলারাও পাবেন অতিরিক্ত সুবিধা

বিশেষ ভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সি বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতাই নয়, একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন।

সরকারের দাবি, প্রায় ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মোট ৪,৫০০ টাকা করে পাবেন।

রাজস্ব বৃদ্ধি নিয়েও সরকারের দাবি

রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত আগের অর্থবর্ষের তুলনায় রাজ্যের রাজস্ব আদায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের ₹৩,০০০ টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।