Gold Durga Idol Siliguri | শিলিগুড়িতে সোনাতে মোড়া দুর্গোৎসব! সেন্ট্রাল কলোনির পুজোয় প্রায় ১০০ কেজি সোনার ব্যবহারের জল্পনা, তুঙ্গে উন্মাদনা

Gold Durga Idol Siliguri | শিলিগুড়িতে সোনাতে মোড়া দুর্গোৎসব! সেন্ট্রাল কলোনির পুজোয় প্রায় ১০০ কেজি সোনার ব্যবহারের জল্পনা, তুঙ্গে উন্মাদনা

শিলিগুড়ি: এতদিন শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির বিখ্যাত দুর্গাপুজো অনুষ্ঠিত হতো রেলের ইনস্টিটিউট মাঠে। কিন্তু সম্প্রতি সেখানে আধুনিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হওয়ায় এ বছর আদৌ এই পুজো হবে কি না, তা নিয়ে শহরজুড়ে তীব্র জল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা ও সংশয়কে দূরে সরিয়ে এবার পুজো কমিটিতে আসছে এক বিরাট চমক। পুজো উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁদের ৬৪তম বর্ষের এই পুজোয় দুর্গা প্রতিমা ও মণ্ডপসজ্জা মিলিয়ে প্রায় ১০০ কেজি সোনা (Gold Durga Idol Siliguri) ব্যবহার করা হতে পারে!

রেলের ইনস্টিটিউট মাঠে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হওয়ার ফলে গত বছরের পুজোর পরই আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো এ বার বন্ধই হয়ে যাবে এই ঐতিহ্যবাহী পুজো। তবে নিন্দুকদের সমস্ত জল্পনা ভুল প্রমাণিত করে এনজেপি থানার উল্টো দিকে, এডিআরএম অফিসের পাশের ফাঁকা মাঠে মাসখানেক আগেই ঘটা করে খুঁটিপুজো সেরে ফেলেছিল কমিটি। নতুন ঠিকানায় পুজোর কাজ শুরু হওয়ার সময়ই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন উদ্যোক্তারা, আর সেই চমক হিসেবেই এবার সামনে আসছে প্রায় একশো কেজি সোনার অলঙ্কার ব্যবহারের পরিকল্পনা।

সূত্রের খবর, একটি নামজাদা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মধ্যস্থতায় ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে এক খ্যাতনামা সোনার গয়না প্রস্তুতকারী সংস্থার প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মা দুর্গার প্রতিমার মুকুট, গলার হার, বিভিন্ন অঙ্গসজ্জা তো বটেই, এমনকি অন্য দেবদেবীদের মুকুটেও খাঁটি সোনার অলঙ্কার ব্যবহার করা হতে পারে। শুধু প্রতিমা নয়, মণ্ডপসজ্জার কিছু অংশেও সোনার পাতের ছোঁয়া থাকতে পারে বলে জানা যাচ্ছে।

এদিকে সোনা দিয়ে প্রতিমা ও মণ্ডপ গড়ার মতো এমন অভিনব ও ব্যয়বহুল আয়োজন ঘিরে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনই এর পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা ও বিপুল জনস্রোত সামলানো নিয়ে ক্লাবকর্তাদের মধ্যেও রয়েছে গভীর চিন্তা। তবে উদ্যোক্তাদের দাবি, সরকারি ব্যবস্থার পাশাপাশি সম্পূর্ণ বেসরকারিভাবেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে পুরো পুজো প্রাঙ্গণ। এ বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য জয় রাজ জানিয়েছেন, “বিশেষ কিছু বিষয় রয়েছে। এখনই এ সব নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সমস্ত কিছু প্রকাশ্যে আনা হবে।” ওই দিন পুজো কমিটির কর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ও সোনার গয়না প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর প্রাক্কালে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির এই মেগা সারপ্রাইজ এখন শহরের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

 


শিলিগুড়ি: এতদিন শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির বিখ্যাত দুর্গাপুজো অনুষ্ঠিত হতো রেলের ইনস্টিটিউট মাঠে। কিন্তু সম্প্রতি সেখানে আধুনিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হওয়ায় এ বছর আদৌ এই পুজো হবে কি না, তা নিয়ে শহরজুড়ে তীব্র জল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা ও সংশয়কে দূরে সরিয়ে এবার পুজো কমিটিতে আসছে এক বিরাট চমক। পুজো উদ্যোক্তাদের কাছ…