India vs Pakistan Women Asia Cup 2026 | মেয়েদের এশিয়া কাপে আজ ব্লকবাস্টার ভারত-পাক লড়াই, রেকর্ডের হাতছানি স্মৃতি-হরমনপ্রীতদের সামনে

India vs Pakistan Women Asia Cup 2026 | মেয়েদের এশিয়া কাপে আজ ব্লকবাস্টার ভারত-পাক লড়াই, রেকর্ডের হাতছানি স্মৃতি-হরমনপ্রীতদের সামনে

চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ ম্যাচের শুরু বা শেষে হ্যান্ডশেক হোক কিংবা না হোক, ক্রিকেট দুনিয়ার সমস্ত আলো আজ কেড়ে নিচ্ছে বাইশ গজের ভারত-পাকিস্তান মহারণ (India vs Pakistan Women Asia Cup 2026)। মেয়েদের এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচে আজ দুবাইয়ে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করলেও, পাকিস্তান আজ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। তবে টুর্নামেন্টের সমীকরণ ছাপিয়ে গ্যালারি থেকে টিভি স্ক্রিন—নজর থাকবে কেবলই এই মেগা যুদ্ধের দিকে।

ম্যাচের আগে দুই শিবিরের মেজাজেই ধরা পড়েছে আলাদা উত্তাপ। কিছুদিন আগেই দুবাইয়ের মাঠে এক পাক সমর্থকের আবদার শুনে পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা হেসে ‘ইনশাল্লাহ’ বললেও, হরমনপ্রীত কৌরের দলকে নিয়ে তাঁর গলায় স্পষ্ট সমীহের সুর শোনা গিয়েছে। ফতিমা বলেছেন, “এটা ঠিক, এখনও পর্যন্ত ভারত কখনও টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাই‍নালে ওঠেনি। তবে অবশ্যই ওরা খুব ভালো টিম। আমরা ওদের হারানোর চেষ্টা করব।”

অন্যদিকে, দারুণ ফর্মে থেকে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডধারী এবং মিতালি রাজকে পেছনে ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৮টি সেঞ্চুরির মালিকও এখন তিনি। “এই তো সবে শুরু”—স্মৃতির এই হুঙ্কারেই স্পষ্ট বিপক্ষ শিবিরের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন তিনি। ফর্মে থাকা স্মৃতির ব্যাট আজ শনিবার গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও বড় ইনিংস খেলবে বলেই আশা ক্রিকেট মহলের।

রেকর্ড ভাঙা-গড়ার হাতছানি আজকের এই ম্যাচে ব্যক্তিগত ও দলগত একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্মৃতি ও হরমনপ্রীত।

  • অধিনায়ক হিসেবে এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। পুরুষ বা মহিলা—যে কোনও ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে এত ম্যাচ খেলার নজির আর কারও নেই।
  • অন্যদিকে, আর মাত্র ৭৮ রান করলেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে (৪৭৫৮ রান) টপকে মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার হাতছানি রয়েছে স্মৃতির সামনে।

সমস্ত ব্যক্তিগত মাইলফলক ও রেকর্ডকে দূরে সরিয়ে আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নেওয়াই প্রধান লক্ষ্য হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির।


চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ ম্যাচের শুরু বা শেষে হ্যান্ডশেক হোক কিংবা না হোক, ক্রিকেট দুনিয়ার সমস্ত আলো আজ কেড়ে নিচ্ছে বাইশ গজের ভারত-পাকিস্তান মহারণ (India vs Pakistan Women Asia Cup 2026)। মেয়েদের এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচে আজ দুবাইয়ে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করলেও, পাকিস্তান আজ তাদের দ্বিতীয়…