Hili Land Port | হিলিতে বন্ধ থাকা স্থলবন্দর চালুর নির্দেশ, শনিবার থেকে শুরু হচ্ছে আমদানি-রপ্তানি

Hili Land Port | হিলিতে বন্ধ থাকা স্থলবন্দর চালুর নির্দেশ, শনিবার থেকে শুরু হচ্ছে আমদানি-রপ্তানি

হিলি: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে কাটল জট। জেলা সফরে এসে হিলি স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি জানতে পেরে তা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এরপরই দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের সঙ্গে হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শুক্রবার জন্মাষ্টমির ছুটির পর আগামী শনিবার থেকেই হিলি দিয়ে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি।
গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল। স্লট বুকিং করে যাতায়াতকারী লরিতে ওভারলোডিং বা অতিরিক্ত বোঝাই পুলিশ বন্ধ করায় এই সমস্যার সূত্রপাত হয়। ব্যবসায়ীদের দাবি ছিল, অন্যান্য স্থলবন্দরে স্লট বুকিংয়ে যাওয়া লরিতে ওভারলোডিং মাল নেওয়া হলেও এখানে তা বাধা পাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। এর প্রতিবাদেই ব্যবসার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। টানা পাঁচ দিন বাণিজ্য বন্ধ থাকায় সরকারের প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি, হিলি পার্কিং এলাকা থেকে শুরু করে রাস্তায় প্রায় ৩০০টি পণ্যবাহী লরি আটকে থাকায় মাল নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।
পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি-র সঙ্গে বৈঠকে বসেন হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ মণ্ডল, সহ-সভাপতি রাজেশ আগরওয়াল সহ অন্যান্য প্রতিনিধিরা। বৈঠক শেষে বিকাশ মণ্ডল জানান, জেলাশাসকের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে। পাশাপাশি, অন্যান্য স্থলবন্দরের মতো হিলিতেও যাতে ব্যবসায়ীরা সমস্ত সুযোগ-সুবিধা পান, সেই দাবিও জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকে সীমান্ত বাণিজ্য আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় জানান, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশাবাদী। জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টিও জানিয়েছেন, ব্যবসায়ীদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে শোনা হয়েছে এবং খুব শীঘ্রই সংকট কেটে যাবে।